শেখ হাসিনাসহ ১০ জনের নামে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন
অনলাইন ডেস্ক: ভারতে পলাতক শেখ হাসিনাসহ ১০ জনের নামে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক বলছে, একটি বড় নজির স্থাপন করতে এই অপরাধীদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।
আজ বুধবার (২৪ জুন) দুদকের পক্ষ থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু করার তথ্য নিশ্চিত করা হয়। রেড নোটিশের তালিকায় থাকা অন্য আসামিদের মধ্যে রয়েছেন—শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ, তাঁর স্ত্রী রুকমিলা জামান, এস আলম এবং কয়েকজন প্রভাবশালী সাবেক মন্ত্রী।
এর আগে, ইন্টারপোলের রেড নোটিশভুক্ত পলাতক আসামি ও সাবেক আইজিপি বেনজীর আহমেদ গত ১১ জুন দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার হন। এর পরপরই দুদকের তালিকায় থাকা পলাতক আসামিদের বর্তমান অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।
দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজীর হাসান জানান, সাবেক আইজিপি বেনজীর ছাড়াও পলাতক শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যসহ প্রভাবশালী ১০ জনের বিরুদ্ধে আদালতের নির্দেশনায় ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে পুলিশের কাছে আবেদন পাঠিয়েছে দুদক। এই নথিটি পুলিশ সদর দপ্তর হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলের সদর দপ্তরে পাঠানো হবে।
|