বিশ্বকাপে আসিফ নজরুলের প্রিয় দল ইরান, যা বললেন শাওন

প্রকাশ: বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:১৭ অপরাহ্ণ
বিশ্বকাপে আসিফ নজরুলের প্রিয় দল ইরান, যা বললেন শাওন

অনলাইন ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, চলমান ফুটবল বিশ্বকাপে তাঁর পছন্দের দল ইরান। ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, ‘এবারের বিশ্বকাপে আমার প্রিয় দল ইরান।’

আসিফ নজরুলের এই ফেসবুক পোস্টের স্ক্রিনশট নিজের ওয়ালে শেয়ার করে তীব্র কটাক্ষ ও ‘স্যাটায়ার’ করেছেন অভিনেত্রী ও কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওন। তিনি লিখেছেন, ‘ইরানের দুর্ভাগ্য যে তাদের একজন দেশপ্রেমিক ক্রীড়া উপদেষ্টা নাই যিনি ইরান ফুটবল টিমকে যুক্তি দিয়ে বিশ্বকাপে অংশ নেওয়া থেকে বিরত রাখবে।’

নেটিজেনদের মতে, শাওনের এই মন্তব্যের পেছনে একটি বড় প্রেক্ষাপট রয়েছে। আসিফ নজরুল উপদেষ্টা থাকাকালীন নানাবিধ যুক্তি দেখিয়ে বাংলাদেশকে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে অংশ নেওয়া থেকে বিরত রেখেছিলেন। অথচ অন্যদিকে, মধ্যপ্রাচ্যে বোমা হামলা চালিয়ে যুদ্ধ পরিস্থিতি তৈরি করা দেশ যুক্তরাষ্ট্রে চলমান ফুটবল বিশ্বকাপে অংশ নিতে গেছে ইরান ফুটবল দল। সাবেক উপদেষ্টার সেই পুরোনো সিদ্ধান্তের দিকে ইঙ্গিত করেই মূলত আসিফ নজরুলের পোস্ট নিয়ে সোশাল মিডিয়ায় এই সমালোচনা করেছেন শাওন।

শাওন তাঁর পোস্টে বোঝাতে চেয়েছেন, বাংলাদেশে আসিফ নজরুলের মতো উপদেষ্টা থাকায় ক্রিকেট দল বিশ্বকাপ থেকে বঞ্চিত হয়েছিল; অথচ সেই আসিফ নজরুলই এখন ইরানের যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ খেলাকে নৈতিকভাবে সমর্থন করছেন।

এদিকে, সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল নিজের পছন্দের দল নিয়ে ফেসবুকে পোস্ট দিলেও সেখানে সাধারণ ব্যবহারকারীদের মন্তব্য (কমেন্ট) করার কোনো অপশন রাখেননি। ফলে তাঁর সেই পোস্টে সাধারণ নেটিজেনদের সরাসরি কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য দেখা যায়নি।

মন্তব্য করুন