আশুগঞ্জে বিদেশি মদ উদ্ধার, চালক গ্রেপ্তার

প্রকাশ: বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:২৭ অপরাহ্ণ
আশুগঞ্জে বিদেশি মদ উদ্ধার, চালক গ্রেপ্তার

সামজাদ জসি (সিনিয়র স্টাফ রিপোর্টার): ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১২ বোতল বিদেশি মদসহ মো. সায়েদ আলী নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল মঙ্গলবার (২৩ জুন) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক কারবারি মো. সায়েদ আলী সিলেট জেলার গোয়াইনঘাট থানার ইসলামপুর গ্রামের রওশন আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেল পৌনে ৫টার দিকে আশুগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে। এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি সন্দেহভাজন প্রাইভেটকারকে থামানোর সংকেত দেয় পুলিশ। পরে গাড়িটি থামিয়ে তল্লাশি চালালে এর ভেতর থেকে সুকৌশলে লুকিয়ে রাখা ১২ বোতল দামী বিদেশি ব্র্যান্ডের ‘সিগ্রামস ব্লেন্ডার্স প্রাইড হুইস্কি’ (SEAGRAM'S BLENDERS PRIDE, WHISKY) উদ্ধার করা হয়।

মাদক পরিবহনের অপরাধে চোরাই চালানের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করার পাশাপাশি চালকের আসনে থাকা সায়েদ আলীকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধারকৃত বিদেশি মদ ও গাড়িটি বিধি মোতাবেক জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

আশুগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আজ বুধবার তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। মাদকের বিস্তার রোধে পুলিশের এমন কঠোর ও আকস্মিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন