বিগত সরকারের ১৩০০ উন্নয়ন প্রকল্প বোঝা হয়ে দাঁড়িয়েছে: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী বলেন, “দায়িত্বে আসার পর আমরা ১৩০০টি উন্নয়ন প্রকল্প পেয়েছি। এগুলো এখন আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে—না গিলতে পারছি, না ফেলতে পারছি। আমরা প্রকল্পগুলো পর্যালোচনা করছি এবং এখন থেকে সব প্রকল্প নিবিড়ভাবে মনিটর করা হবে।”
অর্থনীতিকে আরও গতিশীল করতে সরকার ‘সৃজনশীল অর্থনীতি’র ওপর জোর দিচ্ছে বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, “গ্রামগঞ্জের মৃৎশিল্প ও শীতলপাটির মতো ঐতিহ্যবাহী কারুশিল্পকে আমরা আধুনিক ও বাজারজাতযোগ্য করে গড়ে তুলতে চাই। আমাদের লক্ষ্য, যে পণ্য এখন ৭০০ টাকায় বিক্রি হচ্ছে, তা যেন ভবিষ্যতে ২০০০ টাকায় বিক্রি করা যায়। কারিগরদের আয় বাড়লেই জিডিপি প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে।”
তিনি আরও বলেন, “সংস্কৃতি, গান ও চলচ্চিত্রকে আমরা আয়ের উৎসে রূপান্তর করতে চাই। এছাড়া দেশের ঐতিহাসিক স্থানগুলোকে সংস্কার করে পর্যটন খাতের সাথে যুক্ত করা হবে, যাতে সৃজনশীল অর্থনীতিতে অর্থের সঠিক প্রবাহ নিশ্চিত হয়।”
দেশের আর্থিক খাতে কোনো রাজনৈতিক নিয়োগ দেওয়া হয়নি বলে দাবি করে অর্থমন্ত্রী বলেন, “একজন ছাড়া আমি কাউকেই চিনি না।” তিনি কৃষি খাতকে বর্তমান সরকারের অগ্রাধিকার তালিকায় শীর্ষে রয়েছে বলেও উল্লেখ করেন।
জান্নাত সকালবেলা
|