প্রশ্ন ফাঁসের চেষ্টা কঠোর হাতে দমন করা হবে : শিক্ষামন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৩৭ অপরাহ্ণ
প্রশ্ন ফাঁসের চেষ্টা কঠোর হাতে দমন করা হবে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে প্রশ্ন ফাঁসের যেকোনো অপচেষ্টা কঠোর হাতে দমন করার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, যারা এ ধরনের অপরাধে জড়িত হবে, তাদের বিরুদ্ধে এমন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে যা অন্যদের জন্য সতর্কবার্তা হয়ে থাকবে।

বৃহস্পতিবার (২৫ জুন) বরিশাল শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বরিশাল অঞ্চলের কেন্দ্র সচিবদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এই অনুষ্ঠানের আয়োজন করে।

শিক্ষামন্ত্রী এবারের পরীক্ষা পদ্ধতির বড় পরিবর্তনের কথা উল্লেখ করে বলেন, ‘‘সারা বিশ্বে যদি ‘ও’ লেভেল বা ‘এ’ লেভেল পরীক্ষা একই প্রশ্নে হতে পারে, তবে আমাদের দেশে বোর্ডভেদে আলাদা প্রশ্ন কেন হবে? আমরা জিপিএ বৈষম্য দূর করতে এবার সারা দেশে একক ও অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছি।”

বিগত সরকারের শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে মন্ত্রী বলেন, “আগে না পড়ে, নকল করে বা ইন্টারনেট ব্যবহার করে পাস করার একটি প্রবণতা ছিল। বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থার মান ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। আমরা যোগ্যতার ভিত্তিতে শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন করতে চাই।”

তিনি কেন্দ্র সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরীক্ষার শৃঙ্খলা কঠোরভাবে বজায় রাখার নির্দেশ দেন এবং কোনো পরীক্ষার্থীকে কোনো ধরনের অনৈতিক সুবিধা না দেওয়ার হুঁশিয়ারি প্রদান করেন।

বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সরফুদ্দিন আহমেদ সান্টু, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, জেলা প্রশাসক খাইরুল আলম সুমন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন উর রশিদ এবং বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুছ আলী সিদ্দিকী।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন