শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ২৬ জুলাই

প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:০৮ অপরাহ্ণ
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ২৬ জুলাই

নিজস্ব প্রতিবেদক: জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মো. হোসেন নামে এক ট্রাকচালককে হত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জগঠন শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৬ জুলাই নির্ধারণ করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলমের আদালত এই নতুন তারিখ ধার্য করেন। আসামি পক্ষের আইনজীবী গোলাম মঈনউদ্দীন চিশতী জানান, এই মামলায় অন্যান্য আসামিরা আদালতে অনুপস্থিত থাকায় রাষ্ট্রপক্ষ থেকে চার্জগঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করা হয়েছিল। সেই আবেদনের প্রেক্ষিতে বিচারক ২৬ জুলাই শুনানির দিন ধার্য করেন।

অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন ট্রাকচালক মো. হোসেন। তিনি গাবতলী থেকে ট্রাক রেখে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনায় নিহত ব্যক্তির মা রীনা বেগম বাদী হয়ে ২০২৪ সালের ৩১ আগস্ট মোহাম্মদপুর থানায় মামলাটি দায়ের করেন।

তদন্ত শেষে ২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার উল্লেখযোগ্য অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন

ওবায়দুল কাদের। আসাদুজ্জামান খান কামাল। হাসান মাহমুদ। জাহাঙ্গীর কবির নানক। জুনাইদ আহমেদ পলক। সাদেক খান। সাদ্দাম হোসেন (ছাত্রলীগ সভাপতি)। শেখ ওয়ালি আসিফ ইনান (ছাত্রলীগ সাধারণ সম্পাদক)

আসামিদের মধ্যে জুনাইদ আহমেদ পলক, সাদেক খান, ফুরকান হোসেন এবং শাহজাহান বর্তমানে কারাগারে আটক রয়েছেন।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন