ইয়েমেনে এক দিনে ৩৭ বার বিমান হামলা চালাল সৌদি আরব

প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ণ
ইয়েমেনে এক দিনে ৩৭ বার বিমান হামলা চালাল সৌদি আরব

অনলাইন ডেস্ক: ইয়েমেনের মারিব ও আল-জাওফ প্রদেশে ২৪ ঘণ্টার ব্যবধানে অন্ত অন্তত ৩৭ বার বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। এই রক্তক্ষয়ী হামলায় একাধিক বেসামরিক ইয়েমেনি নাগরিক হতাহত হয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারির বরাত দিয়ে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা 'তাসনিম নিউজ এজেন্সি' এ তথ্য প্রকাশ করে।

ইয়াহিয়া সারি জানান, সৌদি আরবের খামিস মুশাইত বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করে যুদ্ধবিমানগুলো ইয়েমেনের দুটি প্রদেশের একাধিক আবাসিক ও সাধারণ এলাকায় এই হামলা পরিচালনা করে।

এদিকে এক পৃথক বক্তব্যে আনসারুল্লাহ নেতা সৈয়্যদ আবদুল-মালিক আল-হুতি অভিযোগ তোলেন, যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ তত্ত্বাবধান ও ইসরায়েলের উসকানিতেই মূলত ইয়েমেনে এই আগ্রাসন ও অবরোধ অব্যাহত রেখেছে সৌদি আরব। তিনি দাবি করেন, সানার বিমানবন্দরে সৌদি বিমান হামলার মধ্য দিয়েই নতুন করে এই উত্তেজনার সূত্রপাত হয়।

আনসারুল্লাহ প্রধান আরও জানান, ইয়েমেন কখনো আগ বাড়িয়ে সংঘাত সৃষ্টি করেনি। বরং সৌদি বাহিনীর অব্যাহত হামলায় হাসপাতাল, বাজার ও স্কুল ধ্বংস হওয়ার পাশাপাশি হাজার হাজার নারী ও শিশু নিহত হয়েছে। তবে সৌদি আরবের সামরিক ঘাঁটি ও তেল স্থাপনা ছাড়া সাধারণ কোনো স্থাপনায় হুতিরা হামলা চালায়নি বলে দাবি করেন তিনি।

পাশাপাশি মক্কায় হামলা চালানোর সৌদি অভিযোগকে ‘জঘন্য মিথ্যাচার’ হিসেবে আখ্যা দিয়ে তিনি মুসলিম বিশ্বকে পবিত্র মক্কার মর্যাদা রাজনৈতিক ও সামরিক স্বার্থে ব্যবহার না করার জন্য আহ্বান জানান।

মন্তব্য করুন