বাগমারায় পরিবারের সদস্যদের অচেতন করে দুর্ধর্ষ চুরি
মো. গোলাম কিবরিয়া, রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় পরিবারের তিন সদস্যকে চেতনাযুক্ত পদার্থ দিয়ে অচেতন করে সর্বস্ব লুটে নিয়েছে চোরের দল।
উপজেলার বড়বিহানালী ইউনিয়নের খালিশপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে স্বর্ণালংকার, রুপা, নগদ টাকাসহ গৃহস্থালি মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. রফিকুল ইসলাম (৫৫) বাগমারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন পরিবারের সদস্যরা। গভীর রাতে কালো মুখোশধারী দুই চোর দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। রফিকুল ইসলামের ছোট মেয়ে তাদের দেখে বাবাকে ডাকার চেষ্টা করলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে তার নাকের কাছে চেতনানাশক স্প্রে ধরে তাকে অচৈতন্য করে ফেলে চোরের দল। একে একে পরিবারের অন্য সদস্যদেরও অচেতন করে ঘরের আলমারি থেকে ২ ভরি স্বর্ণের গহনা, ৯ ভরি রুপা, নগদ ১০ হাজার টাকা ও ব্যবহৃত পোশাকসহ মোট ৬ লাখ টাকার মালামাল লুট করে তারা। চোরেরা চুরির সময় একটি এলইডি টিভি পাশে পুকুরে ফেলে রেখে যায়।
পরদিন ১৭ সেপ্টেম্বর ভোরে ঘুম থেকে উঠে ঘর এলোমেলো দেখতে পেয়ে চুরির বিষয়টি টের পান রফিকুল ইসলাম।
বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম জানান, খবরের পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এআইএল/সকালবেলা