ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ণ
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক: নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগদানের জন্য ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে টানা দ্বিতীয় বছরের মতো এন্ট্রি ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনের দুটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে তথ্যটি নিশ্চিত করেছে বিবিসি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানায়, ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও)-এর কর্মকর্তাদের ওপর ভিসা সংক্রান্ত বিদ্যমান নিষেধাজ্ঞা আরও বাড়ানো হয়েছে। যদিও মার্কিন বিবৃতিতে আব্বাসের নাম সরাসরি উল্লেখ করা হয়নি, তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই নিষেধাজ্ঞার আওতায় তিনিও অন্তর্ভুক্ত রয়েছেন।

ওয়াশিংটনের দাবি, পিএ এবং পিএলও প্রতিশ্রুতি অনুযায়ী অভ্যন্তরীণ সংস্কার করতে চরম ব্যর্থ হয়েছে। এছাড়া তারা আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এবং আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতকে আন্তর্জাতিকীকরণ করার চেষ্টা চালাচ্ছে, যা শান্তির সম্ভাবনাকে মারাত্মকভাবে ব্যাহত করছে।

উল্লেখ্য, গত বছরের আগস্টেও ওয়াশিংটন প্রায় ৮০ জন ফিলিস্তিনি কর্মকর্তার ভিসা বাতিল ও প্রত্যাখ্যান করেছিল। ফলে গতবারও আব্বাস জাতিসংঘে সশরীরে উপস্থিত হতে পারেননি এবং ভিডিও বার্তার মাধ্যমে ভাষণ দিয়েছিলেন। এবারও তিনি ১৯৩ সদস্যের সাধারণ পরিষদে ভিডিও বার্তার সুযোগ পাবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

জাতিসংঘ সদর দফতর চুক্তি অনুযায়ী, বিদেশি কূটনীতিকদের নিউ ইয়র্কে নির্বিঘ্নে প্রবেশের সুযোগ নিশ্চিত করার ঐতিহাসিক বাধ্যবাধকতা রয়েছে যুক্তরাষ্ট্রের। তবে মার্কিন প্রশাসনের দাবি—জাতীয় নিরাপত্তা, চরমপন্থা প্রতিরোধ এবং পররাষ্ট্রনীতির স্বার্থে যেকোনো ব্যক্তির ভিসা প্রত্যাখ্যান করার আইনি ক্ষমতা তাদের রয়েছে।

মন্তব্য করুন