যশোরে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন দেওয়ার খবর মিথ্যা: পুলিশ

প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ণ
যশোরে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন দেওয়ার খবর মিথ্যা: পুলিশ

আব্দুল্লাহ আল মামুন, যশোর প্রতিনিধি: যশোরের মণিরামপুরে সনাতন ধর্মাবলম্বী ২৫টি পরিবারের বাড়িতে চাঁদা দাবিকে কেন্দ্র করে আগুন দেওয়ার অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মণিরামপুর থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করা হয়। এ সময় পুলিশ গুজবে কান না দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো তথ্য প্রচারের আগে তা যাচাই করার জোর আহ্বান জানায়।

প্রেস ব্রিফিংয়ে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু সাঈদ জানান, উপজেলায় এ ধরনের কোনো অগ্নিকাণ্ডের ঘটনাই ঘটেনি। 'সনাতন ধর্ম' নামের একটি ফেসবুক পেজ থেকে অন্য এলাকার একটি পুরনো অগ্নিকাণ্ডের ভিডিও মণিরামপুরের দাবি করে প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও সত্যবহির্ভূত।

ওসি আরও জানান, সামাজিকভাবে অস্থিরতা তৈরি ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর পেছনে জড়িত উক্ত ফেসবুক পেজ ও সংশ্লিষ্টদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এআইএল/সকালবেলা