অনিয়ম ও বহুবিবাহের অভিযোগ সাবেক ওসির বিরুদ্ধে

প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ণ
অনিয়ম ও বহুবিবাহের অভিযোগ সাবেক ওসির বিরুদ্ধে

আবু কাওসার মাখন, রাজশাহী ব্যুরো: রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) চন্দ্রিমা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলমকে ঘিরে আবারো অনিয়ম ও একাধিক বিয়ের গুরুতর অভিযোগ উঠেছে। সম্প্রতি অন্য এক নারীর সঙ্গে একটি ফ্ল্যাটে অবস্থানকালে তাঁর ‘৬ষ্ঠ স্ত্রী’ দাবি করা এক নারীর বাধার মুখে পড়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই ফ্ল্যাটে এক নারীকে নিয়ে মাহবুব আলমের অবস্থানের খবর পেয়ে সেখানে পৌঁছান নিজেকে তাঁর ৬ষ্ঠ স্ত্রী দাবি করা অন্য এক নারী। এ সময় দরজায় ধাক্কাধাক্কি ও হট্টগোলের কারণে পুরো এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।

এর আগেও মাহবুব আলমের বিরুদ্ধে তথ্য গোপন করে বহুবিবাহ, প্রতারণা ও নির্যাতনের অভিযোগ ওঠে। তাঁর চতুর্থ স্ত্রী দাবি করা এক নারী পুলিশ কর্মকর্তা পূর্বে তৎকালীন রেঞ্জ ডিআইজির কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছিলেন। সেখানে পূর্বের বিয়ের তথ্য গোপন, জোরপূর্বক গর্ভপাত করানো, শারীরিক-মানসিক নির্যাতন এবং বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ আনা হয়েছিল।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে চন্দ্রিমা থানার ওসি থাকাকালে অফিসে প্রকাশ্যে ঘুষ গ্রহণের ভিডিও প্রকাশের পর তাঁকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়। এসব ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে পুলিশ বিভাগের ভাবমূর্তি রক্ষায় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন