গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা জরুরি: আইনমন্ত্রী
অনলাইন ডেস্ক: গণতান্ত্রিক সমাজে সব বিষয়ে একমত হওয়া জরুরি নয়, তেমনি কোনো সমালোচনা পছন্দ না হলেই তা পুরোপুরি নাকচ করে দেওয়া সঠিক নয় বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। অন্যের মত ও গঠনমূলক সমালোচনা গ্রহণ করার মানসিকতাই একটি সুস্থ গণতান্ত্রিক সমাজের মূল চাবিকাঠি বলে উল্লেখ করেন তিনি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর লেকশোর গ্র্যান্ড হোটেলে ব্যারিস্টার আবদুর রাজ্জাক রচিত ‘Bangladesh Jamaat-e-Islami: Its History and Politics’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান প্যানেলিস্ট হিসেবে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিখ্যাত প্রকাশনা সংস্থা ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল) বইটি বাজারে এনেছে।
আইনমন্ত্রী বলেন, ব্যারিস্টার আবদুর রাজ্জাকের বইটি কেবল একটি গবেষণা বা সাহিত্যকর্ম নয়; এটি তাঁর জীবনের দর্শন, রাজনৈতিক চেতনা ও অভিজ্ঞতার স্পষ্ট প্রতিফলন। জুলাইয়ের গণঅভ্যুত্থান নতুন প্রজন্মের মাঝে পরিবর্তনের যে তাগিদ তৈরি করেছে, তা উল্লেখ করে তিনি বলেন, সামনে এগোতে হলে সমাজকে এসব রূপান্তরের সঙ্গে মানিয়ে নিতে হবে।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং তৎকালীন রাজনৈতিক বাস্তবতায় আবদুর রাজ্জাকের দূরদর্শী মূল্যায়নের কথা স্মরণ করে আইনমন্ত্রী বলেন, তাঁর সেই অবস্থান আরও আগে সামনে এলে অনেক প্রশ্নেরই অবসান হতে পারত। তিনি জামায়াতে ইসলামীর শীর্ষ পদে থাকলেও নিজ কর্ম, চিন্তা ও আদর্শ দিয়ে বিশ্বজুড়ে নিজস্ব এক শ্রদ্ধার স্থান তৈরি করেছিলেন।
মরহুম আবদুর রাজ্জাকের সঙ্গে ব্যক্তিগত স্মৃতিচারণ করে আইনমন্ত্রী জানান, মৃত্যুর আগে আবদুর রাজ্জাক বাংলাদেশে সমাহিত হওয়ার যে ইচ্ছা প্রকাশ করেছিলেন, তা বাস্তবায়িত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত সকল রাজনীতিচর্চাকারী ও সচেতন নাগরিকদের জন্য বইটি পড়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর আলী রিয়াজ, সাবেক মার্কিন কূটনীতিক জন ড্যানিলোভিচ, অধ্যাপক দিলারা চৌধুরী এবং দ্য ডেইলি স্টারের কনসালটিং এডিটর কামাল আহমেদসহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।