শুধু পৃথিবী নয়, এবার চাঁদের কক্ষপথেও যুদ্ধের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ণ
শুধু পৃথিবী নয়, এবার চাঁদের কক্ষপথেও যুদ্ধের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক: মহাকাশে সম্ভাব্য যুদ্ধ এবং সামরিক প্রতিযোগিতা এবার পৃথিবীর কক্ষপথ ছড়িয়ে চাঁদের আশপাশেও বিস্তৃত করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। পৃথিবীর বাইরে চাঁদের কক্ষপথে সামরিক অভিযান পরিচালনা, সেখানে নিজেদের প্রাধান্য বজায় রাখা এবং প্রয়োজনে লড়াই করার সক্ষমতা তৈরির তাগিদ দিয়েছে মার্কিন সামরিক নেতৃত্ব।

ওয়াশিংটনের বাইরে আয়োজিত বিমান, মহাকাশ ও সাইবারবিষয়ক এক সম্মেলনে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন জানান, সমুদ্রের তলদেশ থেকে শুরু করে চাঁদের কক্ষপথ পর্যন্ত যে কোনো প্রান্তরে লড়াই করে জয়ী হওয়ার মতো সক্ষমতা তৈরি করতে হবে মার্কিন বাহিনীকে। মার্কিন স্পেস ফোর্সের কমব্যাট ফোর্সেস কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল গ্রেগরি গ্যাগননও জানান, মানবজাতি মহাকাশের গভীরে প্রবেশ করায় আমেরিকার কৌশলগত স্বার্থ রক্ষায় তাদের স্পেস ফোর্স সার্বিক অভিযানিক প্রস্তুতি নিচ্ছে।

এরই মধ্যে মহাকাশে 'কক্ষপথে থাকা মহাকাশ নিয়ন্ত্রণের অস্ত্র' মোতায়েনের কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। বিপরীতে যুক্তরাষ্ট্রের মূল প্রতিপক্ষ চীনও ২০২৪ সালে নিজস্ব সামরিক মহাকাশ বাহিনী গঠন করায় প্রতিযোগিতা আন্তর্জাতিক মাত্রায় পৌঁছেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন যুক্তরাষ্ট্রের এই সামরিক প্রস্তুতির তীব্র সমালোচনা করে মহাকাশকে অস্ত্রায়নমুক্ত ও শান্তিপূর্ণ রাখার আহ্বান জানিয়েছেন।

আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের এই উদ্যোগ ১৯৬৭ সালের ঐতিহাসিক 'মহাকাশ চুক্তি'কে ঝুঁকির মুখে ফেলবে। কারণ উক্ত চুক্তিতে চাঁদ ও অন্যান্য মহাজাগতিক বস্তুকে কেবল শান্তিপূর্ণ কাজে ব্যবহারের বাধ্যবাধকতা রয়েছে।

তবে যুক্তরাষ্ট্র তার পরিকল্পনা বাস্তবায়নে আগামী পাঁচ বছরে স্পেস ফোর্সের সদস্যসংখ্যা দ্বিগুণ বাড়িয়ে ২৫ হাজারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, মহাকাশে নিরাপদ ও দায়িত্বশীল অভিযান পরিচালনাই তাদের মূল উদ্দেশ্য।

মন্তব্য করুন