দোয়ারাবাজারে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে অভিযান চালিয়ে ৬৩০ পিস ইয়াবাসহ হোসনা আরা বেগম (২৬) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৮৯ হাজার টাকা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জয় দত্তের নেতৃত্বে একটি টিম বুধবার রাত ১০টার দিকে উপজেলার ১ নং বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকার একটি বসতঘরে তল্লাশি চালিয়ে হাতেনাতে ওই নারীকে আটক করা হয় এবং তাঁর কাছ থেকে ৬৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার হোসনা আরা বেগম উপজেলার কিরনপাড়া গ্রামের আয়াজ আলীর স্ত্রী। তিনি কুশিউড়া গ্রামে বসবাস করছিলেন।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অপরাধবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
এআইএল/সকালবেলা