সখীপুরে মায়ের বিরুদ্ধে সন্তানকে হত্যার অভিযোগ

প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ণ
সখীপুরে মায়ের বিরুদ্ধে সন্তানকে হত্যার অভিযোগ

মোঃ জাকির হোসাইন রাজু, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে নিজ মায়ের হাতে সাড়ে তিন বছরের শিশু খুন এবং আট বছরের আরেক শিশু গুরুতর আহত হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গভীর রাতে সখীপুর উপজেলার খালিয়ার বাইদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম আশরাফুল আলম এবং আহত শিশুটির নাম সিদরাতুল। অভিযুক্ত মা আকলিমা বেগমকে স্থানীয়দের সহায়তায় সখীপুর থানা-পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ঘটনাস্থলটি সখীপুর ও ভালুকা উপজেলার সীমান্তবর্তী এলাকায় হওয়ায় ঘটনার পরপরই শিশু দুটিকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় আহত সিদরাতুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। নিহত আশরাফুলের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পারিবারিক সূত্রে জানা যায়, শিশু আশরাফুলের বাবা শাহীন মিয়ার প্রথম সংসারে সন্তান না থাকায় তিনি আকলিমা বেগমকে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের পর আকলিমা ঢাকায় পোশাক কারখানায় কর্মরত থাকায় শিশুটি তার বাবার প্রথম স্ত্রী নাসিমা বেগমের কাছেই লালিত-পালিত হচ্ছিল। ফলে শিশুটি তার জন্মদাত্রী মাকে ‘আন্টি’ এবং প্রথম স্ত্রীকে ‘বড়মা’ বলে ডাকত। এই ক্ষোভ থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

সখীপুর থানার অফিসার ইনচার্জ মুরাদ হোসেন জানান, নিরাপত্তা ও আইনগত প্রক্রিয়ার স্বার্থে অভিযুক্ত আকলিমা বেগমকে থানা হেফাজতে রাখা হয়েছে। এ নৃশংস হত্যাকাণ্ডের পেছনের মূল কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন