গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ৯ ফিলিস্তিনি নিহত, আহত ৪০
অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় টানা ইসরায়েলি ড্রোন হামলায় শিশু ও দুই প্রতিরোধ যোদ্ধা কমান্ডারসহ অন্তত ৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও প্রায় ৪০ জন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে জানানো হয়, গাজার উত্তর, মধ্য ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে ব্যক্তি, যানবাহন এবং বেসামরিক লোকজনকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
প্রতিবেদন মতে, উত্তর গাজা শহরের আল-সাফতাউই সড়কে একটি গাড়ি লক্ষ্য করে চালানো ড্রোন হামলায় আহমেদ আল-বাতশ নামে কাসসাম ব্রিগেডের এক কমান্ডার নিহত হন। এছাড়া পশ্চিম গাজা শহরের ১৭ নম্বর গোলচত্বরে ড্রোন হামলায় ইউসুফ আল-জাইম এবং শেখ রাদওয়ান এলাকায় সিভিল ডিফেন্স কর্মকর্তা শরিফ লাবাদ ও মুহাম্মদ আল-জিনাতি নামে এক শিশু প্রাণ হারায়। লাবাদকে বাঁচাতে গিয়ে ওই শিশুটি দ্বিতীয় দফার ড্রোন হামলার শিকার হয় বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
অন্যদিকে, মধ্য গাজার আল-জাওয়ায়েদা এলাকায় একটি ক্যাফের কাছে হামলায় একজন নিহত ও ৮ জন আহত হন। দক্ষিণ গাজার খান ইউনিসের মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবু লক্ষ্য করে পরপর তিনটি ড্রোন হামলা চালানো হয়। এতে কাসসাম ব্রিগেডের রাফাহ ব্রিগেডের কমান্ডার নায়েল আবু ওবাইদসহ ৩ জন নিহত এবং ২০ জনের বেশি আহত হন।
এছাড়া উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের সাধারণ অধিবাসীরা জানিয়েছেন, আবাসিক ভবনগুলোর মাথার ওপর ক্রমাগত ইসরায়েলি কোয়াডকপ্টার ড্রোন উড়ার পাশাপাশি ভিড়যুক্ত এলাকাগুলোতে ড্রোন থেকে গুলি বর্ষণ ও বিস্ফোরক ফেলা হচ্ছে।