দীঘিনালায় রেড ক্রিসেন্টের ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ
রুপম চাকমা, দীঘিনালা (খাগড়াছড়ি): খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিট।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার ১ নং মেরুং ইউনিয়ন পরিষদ কার্যালয় ও উপজেলা হলরুমে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় এবং নিম্নআয়ের পরিবারের মধ্যে এ ত্রাণ সহায়তা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য মো. মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন শান্তি প্রিয় চাকমা এবং দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, উপহার হিসেবে প্রতিটি পরিবারকে চাউল, ডাল, তেল, চিনি ও লবণ দেওয়া হয়েছে। পাশাপাশি বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে প্রতিটি পরিবারকে নগদ ৮,০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
ত্রাণ বিতরণকালে প্রধান অতিথি মো. মোশাররফ হোসেন বলেন, "দুর্যোগ ও সংকটের সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করাই আমাদের মূল লক্ষ্য। মানুষের দুর্দিনে তাদের সহযোগিতায় এগিয়ে আসাই প্রধান কাজ। প্রয়োজনের সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে রেড ক্রিসেন্ট সোসাইটির মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।" একই সঙ্গে তিনি সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকেও সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান।
ত্রাণ সহায়তা পেয়ে রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
এআইএল/সকালবেলা