সরিষাবাড়ীতে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড
তৌকির আহাম্মেদ হাসু, জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে সুজন মিয়া (২৮) নামের এক যুবককে এক বছরের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভাটারা ইউনিয়নের বারইপটল উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত সুজন মিয়া স্থানীয় এক বেকারির শ্রমিক এবং কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন সুজন। বৃহস্পতিবার সকালে পুনরায় উত্ত্যক্তের শিকার হয়ে ভুক্তভোগী শিক্ষার্থী বিদ্যালয়ে গিয়ে শিক্ষক ও সহপাঠীদের বিষয়টি জানায়। পরবর্তীতে শিক্ষক ও শিক্ষার্থীরা পাশের বেকারি থেকে সুজনকে আটক করে পুলিশ ও উপজেলা প্রশাসনকে খবর দেয়।
সংবাদ পেয়ে সরিষাবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা রিছিল ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা পান। পরে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসামি সুজন মিয়াকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর পুলিশ তাঁকে জামালপুর জেলা কারাগারে পাঠায়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা রিছিল জানান, ইভটিজিংসহ নারীদের যেকোনো ধরনের হয়রানির বিরুদ্ধে প্রশাসনের কঠোর নীতি রয়েছে এবং এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে।
এআইএল/সকালবেলা