গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
পলাশ চন্দ্র বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্সে সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ পরিবেশে পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ প্যারেডে সালামি গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ। প্যারেড অধিনায়কের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) রনি হাওলাদার।
পরিদর্শনকালে পুলিশ সুপার উপস্থিত সদস্য ও অফিসারদের শৃঙ্খলা ও ফিটনেসে সন্তোষ প্রকাশ করেন। বক্তব্যকালে তিনি ড্রেসরুলস মেনে চলা, স্বাস্থ্য সচেতনতা, পরিচ্ছন্নতা রক্ষা, জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
পরবর্তীতে আয়োজিত কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, মাদক উদ্ধার, পরোয়ানা নিষ্পত্তি ও ক্লু-লেস মামলার রহস্য উদঘাটনে বিশেষ অবদানের জন্য বেশ কয়েকজন পুলিশ সদস্যকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। একই সঙ্গে প্যারেড শেষে বদলিজনিত কারণে সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) রনি হাওলাদারকে জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
এআইএল/সকালবেলা