ফেনীর কবরস্থান থেকে অবৈধ ভারতীয় শাড়ি ও কসমেটিকস উদ্ধার
বিশেষ প্রতিনিধি: ফেনীর ফুলগাজী সীমান্তের একটি কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, বাজি ও বিভিন্ন কসমেটিকস পণ্য উদ্ধার করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। উদ্ধার করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২ লাখ ৮০ হাজার ৯২০ টাকা।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ফুলগাজী উপজেলার সোনাপুর বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।
বিজিবি জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহলের অংশ হিসেবে সোনাপুর বিওপির বিজিবি সদস্যরা সীমান্তসংলগ্ন মনতলা কবরস্থান এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় কবরস্থানের ভেতর সন্দেহজনকভাবে রাখা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, জিলেট ব্লেড, চকলেট, ললিপপ ও বাজি উদ্ধার করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও অপরাধ প্রতিরোধে বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে। জব্দ করা মালামাল পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
এআইএল/সকালবেলা