পাকুন্দিয়ায় জমি বিরোধে কৃষক হত্যা: বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ণ
পাকুন্দিয়ায় জমি বিরোধে কৃষক হত্যা: বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

নূর আহাম্মদ পলাশ, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কৃষক নূরুল ইসলামকে পিটিয়ে হত্যার অভিযোগে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের স্বজনরা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিহত নূরুল ইসলামের ছেলে মোবারক মিয়া লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে মোবারক মিয়া অভিযোগ করেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে পাকুন্দিয়া উপজেলার মজিদপুর গ্রামের মান্নান, রেজ উদ্দিন, হাদিছ মিয়া, রাসেল মিয়া ও রশিদ মিয়াসহ কয়েকজনের সঙ্গে তাঁদের দীর্ঘদিন ধরে শত্রুতা চলছিল। এরই জেরে গত ২৩ জুন সকালে মজিদপুর গ্রামে তাঁর বাবা নূরুল ইসলামের পথরোধ করে আসামিরা বেধড়ক মারধর করে। এ সময় বাবাকে রক্ষা করতে এগিয়ে গেলে তাঁকেও ইট ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয়।

পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় নূরুল ইসলামকে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় পাকুন্দিয়া থানায় মজিদপুর গ্রামের মান্নান (৬০), রেজ উদ্দিন (৫০), হাদিছ মিয়া (৪০), রাসেল মিয়া (৩০) ও রশিদ মিয়াসহ (৬৫) অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। সংবাদ সম্মেলনে নিহত নূরুল ইসলামের স্বজনরা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আসামিদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির জোর দাবি জানান।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন