তিস্তা প্রকল্প ও কূটনৈতিক সম্পর্কের গতি ধরে রাখার বার্তা দিয়ে বিদায় নিলেন চীনা রাষ্ট্রদূত

প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ণ
তিস্তা প্রকল্প ও কূটনৈতিক সম্পর্কের গতি ধরে রাখার বার্তা দিয়ে বিদায় নিলেন চীনা রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক: বাংলাদেশে প্রায় চার বছরের দীর্ঘ ও সফল মেয়াদ সম্পন্ন করে বিদায় নিচ্ছেন নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বাংলাদেশে কাটানো এ সময়কে ‘অত্যন্ত ঘটনাবহুল ও স্মরণীয়’ বলে উল্লেখ করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পররাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এক আনুষ্ঠানিক বিদায়ী মধ্যাহ্নভোজে এ মন্তব্য করেন বিদায়ি রাষ্ট্রদূত। অনুষ্ঠানটি আয়োজন করেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

অনুষ্ঠানে ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকীসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পররাষ্ট্র সচিব সিয়াম দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ ও সম্পর্ক গভীর করার পেছনে ইয়াও ওয়েনের সক্রিয় ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।

পররাষ্ট্র সচিব আরও উল্লেখ করেন, গত জুন ২০২৬-এ প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক চীন সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক ‘নতুন যুগে চীন-বাংলাদেশ অভিন্ন ভাগ্যের অংশীদারিত্বে’ উন্নীত হয়েছে। সিয়াম তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা প্রকল্প, চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর এবং চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ) প্রতিষ্ঠার মতো বড় প্রকল্পগুলোতে চীনের চলমান সহযোগিতার অগ্রগতির কথা তুলে ধরেন।

জবাবে সম্মানিত করায় ধন্যবাদ জানিয়ে বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশে অবস্থানরত চীনা নাগরিকদের সুরক্ষা প্রদান এবং বাণিজ্য কার্যক্রম সহজ করার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের ভূমিকা প্রশংসনীয়। তিনি তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্প ও পদ্মা ব্যারেজ প্রকল্পের বাস্তবায়ন দ্রুত শুরুর আশাবাদ জানান।

একইসঙ্গে বহুপাক্ষিক ফোরামগুলোতে বাংলাদেশকে চীনের ধারাবাহিক সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি। এছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ের সহায়তায় চীনা সহায়তার কথাও উল্লেখ করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে দু’পক্ষের প্রধানরা পারস্পরিক স্মারক ও শুভেচ্ছা উপহার বিনিময় করেন। পররাষ্ট্র সচিব বিদায়ি রাষ্ট্রদূতের ভবিষ্যৎ জীবনের শুভকামনা জানান।

মন্তব্য করুন