আবারও সন্তান দত্তক নিলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ তারকা মিলি ববি ব্রাউন

প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ণ
আবারও সন্তান দত্তক নিলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ তারকা মিলি ববি ব্রাউন

বিনোদন ডেস্ক: নেটফ্লিক্সের বিখ্যাত সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-এর সুবাদে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া ব্রিটিশ অভিনেত্রী মিলি ববি ব্রাউন ও তাঁর স্বামী জেক বনজোভির সংসারে এসেছে নতুন অতিথি। মাত্র ২২ বছর বয়সেই দ্বিতীয়বারের মতো মাতৃত্বের আনন্দ পেলেন এই হলিউড তারকা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্পর্শকাতর ছবি পোস্ট করে সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন মিলি। ছবিতে দেখা যায়, নবজাতকের ছোট্ট হাত অভিনেত্রীর আঙুল ছুঁয়ে আছে, আর তাঁর হাতে পরানো আংটিতে লেখা ‘মম’ (MOM)। ছবির ক্যাপশনে তিনি লেখেন, "হাই, ছোট্ট বন্ধু!"

পরিবারে নতুন এই পুত্রসন্তানকে দত্তক নেওয়ার মাধ্যমে এখন চার সদস্যের পরিবার পূর্ণ হলো এই দম্পতির। এর আগে গত ২০২৫ সালের আগস্ট মাসে প্রথমবার একটি কন্যাসন্তানকে দত্তক নিয়েছিলেন তাঁরা।

উল্লেখ্য, ২০২১ সাল থেকে প্রেমে জড়ানোর পর ২০২৪ সালে জেক বনজোভির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মিলি। ব্যক্তিগত জীবনের গোপনীয়তা বজায় রাখলেও পারিবারিক এমন আনন্দঘন মুহূর্ত ভক্তদের জানানোর পর সামাজিক মাধ্যমে তাঁদের ওপর ভাসছে শুভকামনার জোয়ার।

চলতি বছরের জুনে এক পডকাস্টে মিলি জানিয়েছিলেন, সমাজকল্যাণ নিয়ে পড়াশোনা করার সময়ই দত্তক নেওয়ার বিষয়ে সচেতন হন এবং এটি তাঁর জীবনের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ ছিল।

মন্তব্য করুন