রাজধানীর মালিবাগ রেলগেটে জুমার নামাজের পরই ককটেল বিস্ফোরণ
অনলাইন ডেস্ক: রাজধানীর মালিবাগ রেলগেট সংলগ্ন প্রধান সড়কে একটি পরিবহন কাউন্টারের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জুমার নামাজের পরপরই দুর্বৃত্তরা পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে মালিবাগ রেলগেটের কাছে অবস্থিত সোহাগ পরিবহনের কাউন্টারের সামনে এই ঘটনা ঘটে। আচমকা বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হলে আশপাশের এলাকায় পথচারী ও দোকানদারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদ জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকার আশেপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার পেছনে জড়িত দুর্বৃত্তদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের জগন্নাথ হল ফটক ও টিএসসি এলাকায় এবং একই দিন দুপুরে হাইকোর্ট সংলগ্ন এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। একের পর এক ককটেল বিস্ফোরণের এসব ঘটনায় রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।