ইরান ও লেবাননের পাশে দাঁড়াচ্ছে চীন

প্রকাশ: বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:২৫ অপরাহ্ণ
ইরান ও লেবাননের  পাশে দাঁড়াচ্ছে চীন

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান সামরিক আগ্রাসনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ইরান ও লেবাননের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে চীন। যুদ্ধবিধ্বস্ত দেশ দুটিতে সৃষ্ট মানবিক বিপর্যয় মোকাবিলা এবং তাদের পুনরুদ্ধার ও পুনর্গঠন কার্যক্রমে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বেইজিং। বুধবার (১৭ জুন) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এই ঘোষণা দেন।

মুখপাত্র লিন জিয়ান জানান, “ইরান ও লেবাননে যুদ্ধের ফলে যে ভয়াবহ মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে, তাতে চীন গভীরভাবে মর্মাহত। সংশ্লিষ্ট দেশগুলোর বর্তমান বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে চীন ইরান ও লেবাননকে মানবিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। আমাদের মূল লক্ষ্য হলো সেখানকার সাধারণ জনগণের জীবনমান উন্নয়ন, অর্থনৈতিক স্থবিরতা কাটানো এবং দেশ দুটির অবকাঠামোগত পুনর্গঠনে কার্যকর ভূমিকা রাখা।”

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এটি ইরানকে চীনের দ্বিতীয় দফার মানবিক সহায়তা। এর আগে গত মার্চ মাসেও ইরানকে সহায়তা পাঠিয়েছিল বেইজিং। ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সংঘাত শুরুর পর এটি চীনের অন্যতম বড় মানবিক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

এদিকে, আন্তর্জাতিক কূটনৈতিক মহলে গুঞ্জন চলছে, পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রক্রিয়া অনেকটা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই চীনের এই সহায়তা ঘোষণা ভূ-রাজনৈতিক ভারসাম্যে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। যুদ্ধের ক্ষত কাটিয়ে ইরান ও লেবাননের অর্থনীতি ও জনজীবন পুনরুদ্ধারে চীনের এই পদক্ষেপকে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সমর্থন হিসেবে দেখা হচ্ছে।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন