সাংবাদিক হিসেবে ওটিটিতে ফিরছেন অপূর্ব: মুক্তি পাচ্ছে ‘হেডলাইন’

প্রকাশ: বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ণ
সাংবাদিক হিসেবে ওটিটিতে ফিরছেন অপূর্ব: মুক্তি পাচ্ছে ‘হেডলাইন’

বিনোদন ডেস্ক: দুই বছরের বিরতি ভেঙে ওটিটিতে ফিরছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এর আগে ‘গোলাম মামুন’ সিরিজে পুলিশ কর্মকর্তার চরিত্রে দুর্দান্ত অভিনয়ের পর, এবার তিনি আসছেন ‘হেডলাইন’ নামক সিরিজে একজন সাংবাদিকের ভূমিকায়। সালেহ সোবহান অনীম পরিচালিত এই ৮ পর্বের সিরিজটি আগামী ২৫ জুন ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-এ মুক্তি পেতে যাচ্ছে।

সিরিজটির ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে। সাংবাদিকতার চ্যালেঞ্জ, সিস্টেমের দুর্নীতির চিত্র এবং এর সঙ্গে জড়িয়ে থাকা ব্যক্তিগত মানবিক টানাপোড়েন নিয়েই গড়ে উঠেছে সিরিজটির গল্প। সাংবাদিক জহির চরিত্রে অপূর্বকে দেখা যাবে বিভিন্ন পর্যায়ে আবেগপ্রবণ অথচ বাস্তববাদী এক চরিত্রে।

এ প্রসঙ্গে অপূর্ব বলেন, “জহির চরিত্রটির একটি দারুণ গ্রাফ আছে। গল্পের বিভিন্ন পর্যায়ে তাকে ভিন্ন ভিন্ন রূপে দেখা যায়। একজন অভিনেতা হিসেবে এমন বহুস্তরীয় চরিত্র সবসময়ই আমাকে আকৃষ্ট করে।”

এই সিরিজের মাধ্যমে তিন বছর পর ওটিটিতে ফিরছেন অভিনেত্রী আফসান আরা বিন্দু। এছাড়াও এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান, সারিকা সাবরিন, শ্যামল মাওলাসহ আরও অনেকে। নিজের চরিত্র নিয়ে ইয়াশ রোহান বলেন, “সামিউল এমন একটি চরিত্র, যার জন্য আমি পুরো ক্যারিয়ারজুড়ে অপেক্ষা করেছি। চরিত্রটিতে প্রাণ দিতে আমি আমার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়েছি।”

পারিবারিক সংকট ও সিস্টেমের দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের গল্প ‘হেডলাইন’ দর্শককে কতটা মুগ্ধ করতে পারে, এখন সেটিই দেখার বিষয়।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন