স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে ‘ন্যাশনাল অ্যাকশন প্ল্যান’ তৈরি হচ্ছে: তথ্যমন্ত্রী
অনলাইন ডেস্ক: দেশে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে ‘ন্যাশনাল অ্যাকশন প্ল্যান’ (জাতীয় কর্মপরিকল্পনা) তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ বুধবার (১৭ জুন) সচিবালয়ে তথ্যমন্ত্রীর অফিস কক্ষে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই তথ্য জানান।
সাক্ষাৎকালে তথ্যমন্ত্রী ও ইইউ রাষ্ট্রদূত বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা, পেশাদারিত্ব এবং বাকস্বাধীনতার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিশদ আলোচনা করেন।
বৈঠকে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে বর্তমান সরকারের সময়োপযোগী উদ্যোগের তীব্র প্রশংসা করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। এই কমিশন গঠনে ইউরোপীয় ইউনিয়ন থেকে প্রয়োজনীয় সব ধরনের কারিগরি ও নীতিগত সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করে রাষ্ট্রদূত বলেন, “গণমাধ্যমের স্বাধীনতা ও সুরক্ষা নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘদিনের বাস্তব অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশ চাইলে অংশীদারিত্বের ভিত্তিতে সেই অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারে।”
রাষ্ট্রদূতের এই সহযোগিতার প্রস্তাবকে স্বাগত জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, “গণমাধ্যমের অবারিত স্বাধীনতা নিশ্চিত করতে বর্তমান সরকার পুরোপুরি বদ্ধপরিকর। তবে গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি দেশের সাধারণ জনগণকে ভুল তথ্য, প্রোপাগান্ডা ও অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সরকারের অন্যতম প্রধান মৌলিক দায়িত্ব।”
তিনি আরও উল্লেখ করেন, এই দুই অপরিহার্য লক্ষ্যকে সামনে রেখেই সরকার একটি শক্তিশালী ও স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের রূপরেখা নিয়ে কাজ করছে।
কমিশন গঠনের প্রক্রিয়া সম্পর্কে তথ্যমন্ত্রী জানান, গণমাধ্যম খাতের সঙ্গে সংশ্লিষ্ট সাংবাদিক, সম্পাদক, গবেষকসহ সকল অংশীজনের মতামতের ভিত্তিতে খুব দ্রুত একটি ‘ড্রাফট কমিটি’ গঠন করা হবে। এই কমিটি একটি সুনির্দিষ্ট ‘ন্যাশনাল অ্যাকশন প্ল্যান’ তৈরি করে সরকারের কাছে জমা দেবে। পরবর্তীতে এই জাতীয় কর্মপরিকল্পনার ওপর ভিত্তি করেই স্বাধীন গণমাধ্যম কমিশন আনুষ্ঠানিকভাবে গঠন করা হবে।
|