চুক্তির আগেই ইরানের ওপর থেকে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত সমঝোতা চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতার আগেই ইরানের বন্দর ও বাণিজ্যিক জাহাজের ওপর আরোপিত দুই মাসব্যাপী মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হয়েছে। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভানচি মঙ্গলবার দেশটির সরকারি ওয়েবসাইটে এ তথ্য নিশ্চিত করেছেন।
মাজিদ তাখত-রাভানচি বলেন, ‘অবরোধ প্রত্যাহার ছিল তেহরানের অন্যতম প্রধান দাবি। আমরা শুরু থেকেই এর ওপর জোর দিয়েছিলাম। এখন অবরোধ প্রত্যাহারের কাজ শুরু হয়েছে এবং আনুষ্ঠানিক স্বাক্ষরের আগেই তা কার্যকর করা হয়েছে।’
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার তার সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ ঘোষণা করেছিলেন যে, তিনি ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ অবিলম্বে প্রত্যাহারের অনুমোদন দিয়েছেন। ট্রাম্প আরও দাবি করেছেন, ইরানের সঙ্গে সংঘাত বন্ধে একটি সমঝোতা স্মারক ইতোমধ্যে তৈরি হয়েছে এবং এর আনুষ্ঠানিকতা আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক অভিযানের পর মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। এর প্রতিক্রিয়ায় ইরান মার্কিন স্বার্থ ও ইসরাইলি লক্ষ্যবস্তুতে হামলা চালায় এবং কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করে। উদ্ভূত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ইরানের বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর নৌ অবরোধ আরোপ করেছিল। তবে সাম্প্রতিক কূটনৈতিক আলোচনার প্রেক্ষাপটে অবরোধ প্রত্যাহারকে দুই দেশের সম্পর্ক উন্নয়নের পথে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
জান্নাত সকালবেলা
|