শাপলা চত্বর মামলা: ‘সব ওপরের নির্দেশে হয়েছে’, জিজ্ঞাসাবাদে বাবু ও রূপা
অনলাইন ডেস্ক: হেফাজতে ইসলামের শাপলা চত্বরের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার জিজ্ঞাসাবাদে নিজেদের নির্দোষ দাবি করেছেন একাত্তর টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু এবং সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপা। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, ব্যক্তিগত কোনো দায় না নিয়ে তারা কেবল ‘উচ্চপর্যায়ের’ নির্দেশ বাস্তবায়ন করেছিলেন।
তদন্ত সংস্থা সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহে এই দুই গণমাধ্যম ব্যক্তিত্বকে পৃথকভাবে একদিন করে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তাদের শেখ হাসিনার বিভিন্ন প্রেস ব্রিফিংয়ের ভিডিও ফুটেজ দেখানো হলে, মোজাম্মেল বাবু কিছু ফুটেজ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি বলে দাবি করেন।
এর আগে, গত ৭ জুন ট্রাইব্যুনাল-১ প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের জিজ্ঞাসাবাদের অনুমতি দেন এবং আগামী ১০ আগস্টের মধ্যে এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের শাপলা চত্বরের ওই ঘটনায় ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও কুমিল্লাসহ চার জায়গায় মোট ৫৮ জন নিহত হওয়ার তথ্য রয়েছে প্রসিকিউশনের কাছে। শেখ হাসিনা সরকারের পতনের পর, ২০২৪ সালের ২০ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ ১৯ জনের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়। পরে চলতি বছরের ১৪ মে এই মামলায় মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে গ্রেপ্তার দেখানো হয়।
এই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিসহ আরও ৭ জন আসামি বর্তমানে কারাগারে রয়েছেন।
|