বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বৈঠকে ডা. শফিকুর রহমান সাম্প্রতিক যুদ্ধে নিহত ইরানের নাগরিকদের প্রতি গভীর শোক ও সহানুভূতি প্রকাশ করেন। যুদ্ধের ফলে সৃষ্ট প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতিতে উদ্বেগ জানিয়ে তিনি যুদ্ধবিরতি ত্বরান্বিত করার লক্ষ্যে ইরান সরকারের গঠনমূলক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, স্বাক্ষরিত শান্তি চুক্তি দীর্ঘস্থায়ী ও কার্যকর হবে।
বৈঠকের অন্যতম প্রধান আলোচনার বিষয় ছিল স্বাস্থ্যখাত ও যোগাযোগ ব্যবস্থা। ডা. শফিকুর রহমান তেহরান-ঢাকা সরাসরি ফ্লাইট চালুর ওপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি, তিনি চিকিৎসা খাতের প্রসারে মেডিকেল ট্যুরিজম সম্প্রসারণ এবং ইরানের উদ্যোগে বাংলাদেশে একটি বিশ্বমানের হাসপাতাল প্রতিষ্ঠার বিশেষ প্রস্তাব দেন।
ইরানের রাষ্ট্রদূত ড. জালিল রহিমি জাহানাবাদি জামায়াতের সাফল্য এবং ডা. শফিকুর রহমানের বিরোধীদলীয় নেতা হওয়ার জন্য তাকে অভিনন্দন জানান। তিনি বাংলাদেশের উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে ইরান সরকারের সদিচ্ছার কথা পুনর্ব্যক্ত করেন। বিশেষ করে বাণিজ্য, শিক্ষা ও সাংস্কৃতিক আদান-প্রদান আরও বেগবান করার আগ্রহ প্রকাশ করেন তিনি।
বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর এবং ইরান দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দুই পক্ষই ভবিষ্যতে পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনের মাধ্যমে সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে একমত পোষণ করেন।
জান্নাত সকালবেলা
|