দুটি এআই মডেলে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র
আইসিটি ডেস্ক: মার্কিন প্রশাসনের একটি বিশেষ নির্দেশনা নিয়ে প্রযুক্তি বিশ্বে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে অ্যানথ্রোপিকের সর্বাধুনিক দুটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল– ‘ফ্যাবল’ (Fable) এবং ‘মিথস’-এর পঞ্চম সংস্করণে (Mythos V) বিদেশিদের প্রবেশাধিকার বা অ্যাকসেস আপাতত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি।
অ্যানথ্রোপিক এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন সরকারের দেওয়া নির্দেশনা মেনে তারা এই মডেলগুলোর ব্যবহার আপাতত স্থগিত রেখেছে। যদিও নিষেধাজ্ঞাটির সুনির্দিষ্ট কারণ আনুষ্ঠানিকভাবে খোলাসা করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে, সরকারের শঙ্কা ছিল যে এসব শক্তিশালী এআই মডেল ব্যবহার করে ‘জেলব্রেক’-এর মাধ্যমে বিভিন্ন সফটওয়্যারের অভ্যন্তরীণ দুর্বলতা ও নিরাপত্তা ব্যবস্থা সহজেই ভেঙে ফেলা হতে পারে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ঘটনাটি বেশ তাৎপর্যপূর্ণ। কারণ, এতদিন মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণ বা বিধিনিষেধ মূলত এআই চিপ এবং উন্নত হার্ডওয়্যারের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু এবার সরাসরি উন্নত এআই মডেলের ব্যবহারের ওপর বিধিনিষেধ আরোপ করার ঘটনা প্রমাণ করে যে, কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপত্তা নিশ্চিতে মার্কিন সরকার আগের চেয়ে অনেক বেশি কঠোর হচ্ছে।
অ্যানথ্রোপিক জানিয়েছে, সরকারি নিয়মের প্রতি শ্রদ্ধাশীল থেকে তারা সাময়িকভাবে এই দুটি মডেল সবার জন্য বন্ধ রাখতে বাধ্য হয়েছে। তবে কোম্পানির অন্য কোনো এআই মডেলের ওপর এই নির্দেশের কোনো প্রভাব পড়েনি। বর্তমান পরিস্থিতি নিয়ে সরকারের সঙ্গে অ্যানথ্রোপিকের আলোচনা চলছে। প্রতিষ্ঠানটি আশা করছে, ভুল বোঝাবুঝি বা বিভ্রান্তি কেটে গেলে ভবিষ্যতে আবারও এই মডেলগুলোতে প্রবেশাধিকার উন্মুক্ত করা সম্ভব হবে।
বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তিগত প্রতিযোগিতা যখন তুঙ্গে, ঠিক সেই সময়ে জাতীয় নিরাপত্তা ও প্রযুক্তিগত উদ্ভাবনের মধ্যে ভারসাম্য রক্ষা করা যে কতটা চ্যালেঞ্জিং, তা এই ঘটনা থেকেই স্পষ্ট হয়ে উঠেছে।
জান্নাত সকালবেলা
|