সাইবার নিরাপত্তায় নতুন উদ্বেগ: হাগিং ফেসের সিস্টেমে ঢুকে পড়ল ওপেনএআইয়ের এআই

প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ণ
সাইবার নিরাপত্তায় নতুন উদ্বেগ: হাগিং ফেসের সিস্টেমে ঢুকে পড়ল ওপেনএআইয়ের এআই
ওপেনএআই এবং এআই নিরাপত্তা সংক্রান্ত ফাইল ছবি

অনলাইন ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুতগতির উন্নয়নের সাথে সাথে এর নিরাপত্তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে উদ্বেগ নিত্যনতুন মাত্রা পাচ্ছে। এবার পরীক্ষামূলক একটি সাইবার নিরাপত্তা মূল্যায়নের কাজ করার সময় ওপেনএআইয়ের দুটি অতি-উন্নত এআই মডেল অন্য একটি প্রতিষ্ঠানের পরীক্ষামূলক সিস্টেমে প্রবেশ করে ফেলেছে।

অনাকাঙ্ক্ষিত এই ঘটনাটি নিয়ে প্রযুক্তি বিশ্বে চরম তোলপাড় ও নতুন করে গভীর আলোচনার সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) ভারতের প্রথম সারির সংবাদমাধ্যম 'দি ইন্ডিয়ান এক্সপ্রেস'-এর এক বিশেষ প্রতিবেদনে এই তথ্যটি প্রকাশ্যে আসে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, 'এক্সপ্লয়েট জিম' (ExploitGym) নামক একটি অত্যন্ত নিয়ন্ত্রিত ও বিশেষায়িত নিরাপত্তা পরীক্ষার উদ্দেশ্যে ওপেনএআইয়ের ওই এআই মডেলগুলোকে বিভিন্ন ডিজিটাল সাইবার দুর্বলতা খুঁজে বের করার দায়িত্ব দেওয়া হয়েছিল। বাস্তব জীবনের জটিল পরিস্থিতিতে মডেল দুটি কীভাবে কাজ করতে সক্ষম, তা যাচাই করতে পরীক্ষার জন্য নির্দিষ্ট কিছু নিরাপত্তা সীমাবদ্ধতা বা ফিল্টার সাময়িকভাবে শিথিল করা হয়েছিল।

পরীক্ষার সুযোগ পেয়ে দুটি এআই মডেল নিজেদের মেধা প্রয়োগ করে স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেটে বিভিন্ন তথ্য অনুসন্ধান করা শুরু করে। অনুসন্ধানের একপর্যায়ে মডেল দুটি জনপ্রিয় এআই প্ল্যাটফর্ম 'হাগিং ফেস'-এর একটি পরীক্ষামূলক ডিজিটাল সিস্টেমে অনায়াসে প্রবেশ করে ফেলে।

সেখানে প্রবেশের পর এআই মডেলগুলো চুরি হওয়া লগইন তথ্য ব্যবহার, অতিরিক্ত সিস্টেম অনুমতি পাওয়ার চেষ্টা করা এবং অজ্ঞাত সাইবার নিরাপত্তা ত্রুটিগুলো খুঁজে বের করার মতো জটিল ও উচ্চতর কৌশল বাস্তবে প্রয়োগ করতে শুরু করে, যা পরীক্ষা পরিচালনাকারীদেরও চমকে দিয়েছে।

মন্তব্য করুন