বিশ্বজুড়ে জনপ্রিয়তার শীর্ষে মুসলিমদের সামাজিক মাধ্যম ‘আলফাফা’

প্রকাশ: বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৬:০২ অপরাহ্ণ
বিশ্বজুড়ে জনপ্রিয়তার শীর্ষে মুসলিমদের সামাজিক মাধ্যম ‘আলফাফা’

অনলাইন ডেস্ক: বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায়ের জন্য ইসলামি আদর্শ ও জীবনধারার ওপর ভিত্তি করে পরিচালিত সামাজিক যোগাযোগ মাধ্যম ‘আলফাফা’ অল্প সময়ের মধ্যেই বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে। বর্তমানে ১৬৮টিরও বেশি দেশের মুসলিমরা এই প্ল্যাটফর্মটি ব্যবহার করছেন। বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাংলাদেশ, পাকিস্তান ও ভারতে এর ব্যবহারকারী দ্রুতগতিতে বাড়ছে। গুগল প্লে স্টোর থেকে ইতোমধ্যে দুই মিলিয়নেরও বেশি বার ডাউনলোড হয়েছে অ্যাপটি।

মূলধারার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর বিকল্প হিসেবে তৈরি হওয়া ‘আলফাফা’ নিজেকে একটি সম্পূর্ণ নিরাপদ ও নৈতিক ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে উপস্থাপন করেছে। অ্যাপটির কর্র্তৃপক্ষ জানিয়েছে, এই মাধ্যমে অশ্লীলতা, ফিতনা বা ইসলামবিরোধী কোনো কনটেন্ট প্রকাশের কোনো সুযোগ নেই।

যুক্তরাষ্ট্রে বসবাসরত কিছু ইসলামপ্রিয় ও প্রযুক্তিমনস্ক তরুণের হাত ধরে এই মহতী উদ্যোগের সূচনা হয়। তাঁদের মূল উদ্দেশ্য ছিল—এমন একটি সামাজিক মাধ্যম তৈরি করা, যেখানে ঈমান ও আমল রক্ষা করে দাওয়াহ, শিক্ষা, হালাল ব্যবসা ও সামাজিক যোগাযোগ বজায় রাখা সম্ভব হবে।

‘আলফাফা’র নির্বাহী পরিচালক আসিফ সাঈদ গণমাধ্যমকে জানান, “বিশ্বজুড়ে মুসলমানদের জন্য নিরাপদ সামাজিক যোগাযোগের যে প্রয়োজনীয়তা রয়েছে, তা মূলধারার মাধ্যমগুলো পূরণ করতে পারছে না। বরং সেসব প্ল্যাটফর্মে ইসলামি মূল্যবোধ রক্ষা করা দিন দিন কঠিন হয়ে দাঁড়িয়েছে। আর এই চিন্তা থেকেই আমরা সম্পূর্ণ ইসলামি মতাদর্শে পরিচালিত এই হালাল প্ল্যাটফর্মটি চালু করেছি।”

ব্যবহারকারীদের সুবিধার্থে প্রতিষ্ঠানটি সম্প্রতি ‘Alfafaa Connect’ নামে একটি লাইট (Lite) ভার্সন উন্মোচন করেছে। এটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য তৈরি, যা অত্যন্ত কম ডেটা খরচে দ্রুতগতির ব্রাউজিং অভিজ্ঞতা প্রদান করে।

কর্তৃপক্ষ জানায়, এই প্ল্যাটফর্মে প্রতিদিন নির্দিষ্ট সময়ে পবিত্র কোরআন তিলাওয়াত, হাদিস ও বিভিন্ন শিক্ষণীয় ইসলামি কনটেন্ট প্রকাশ করা হয়। এছাড়া ব্যবহারকারীরা এখানে তাদের ব্যবসা, মসজিদ, হালাল রেস্টুরেন্ট, চাকরি কিংবা পেশাদার প্রোফাইল সম্পূর্ণ বিনামূল্যে তালিকাভুক্ত করতে পারেন।

সামাজিক যোগাযোগের পাশাপাশি এটি ব্লগ, ফোরাম, জব পোর্টাল, অনলাইন টিচিং ও ই-কমার্সসহ বিভিন্ন সময়োপযোগী ফিচারে সমৃদ্ধ একটি পূর্ণাঙ্গ মুসলিম ইকোসিস্টেম হিসেবে কাজ করছে। গুগল প্লে স্টোরে ‘alfafaa’ লিখে সার্চ করলেই অ্যাপটি সহজেই ডাউনলোড করা যাবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন