প্যারিস ফ্যাশন শোতে হাঁটবেন ঐশ্বরিয়া রাই

প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ণ
প্যারিস ফ্যাশন শোতে হাঁটবেন ঐশ্বরিয়া রাই

অনলাইন ডেস্ক:আবারও ফ্র্যান্সের রাজধানী প্যারিসের আন্তর্জাতিক ফ্যাশন মঞ্চ মাতিয়ে তুলতে চলেছেন বলিউড অভিনেত্রী ও বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই। আগামী ২৮ সেপ্টেম্বর ঐতিহ্যবাহী আইফেল টাওয়ারের সামনে প্লাস জফ্রে এলাকায় বসছে ল’রিয়াল প্যারিসের নবম ‘লে দেফিলে ল’রিয়াল প্যারিস’ (Le Défilé L'Oréal Paris) ফ্যাশন শো। বিশ্বজুড়ে উদযাপিত এই আয়োজনে আন্তর্জাতিক অঙ্গনের খ্যাতনামা তারকাদের সঙ্গে একই রানওয়েতে হাঁটবেন তিনি।

এবারের আয়োজনের মূল ভাবনা ও থিম নির্ধারণ করা হয়েছে ‘এক্সপ্রেস ইউর ওর্থ’ (Express Your Worth) বা নিজের আত্মবিশ্বাস ও মূল্য প্রকাশ করা।

ল’রিয়াল প্যারিসের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঐশ্বরিয়া রাইয়ের সম্পর্ক দীর্ঘ বহু বছরের। প্রতি বছরই এই মর্যাদাপূর্ণ ফ্যাশন শোর রানওয়েতে তার উপস্থিতি এক আলাদা আকর্ষণের জন্ম দেয়।

বিগত ২০২৪ সালের আসরে বিশাল লাল গাউন ও গাঢ় লাল লিপস্টিকে তার উপস্থিতি আন্তর্জাতিক মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছিল। রানওয়ে শেষে তার চিরাচরিত ‘নমস্তে’ ভঙ্গি বিশ্বমঞ্চে প্রশংসিত হয়। পরের বছরে ফ্যাশন ও সাজে ব্যাপক পরিবর্তন এনে মনীশ মালহোত্রার নকশা করা গাঢ় নীল মখমলের রাজকীয় শেরওয়ানি পরা লুকে চমকে দিয়েছিলেন অভিনেত্রী।

টানা কয়েক বছর ধরে ভিন্ন ভিন্ন লুকে চমক দেখানোর পর এবার আইফেল টাওয়ারের ব্যাকড্রপে ঐশ্বরিয়া কী ধরনের পোশাকে আত্মপ্রকাশ করবেন, তা নিয়ে ফ্যাশনপ্রেমীদের মধ্যে দারুণ কৌতূহল দেখা দিয়েছে।

এবারের বর্ণাঢ্য রানওয়েতে ঐশ্বরিয়ার সঙ্গে দেখা যাবে হলিউডের খ্যাতনামা অভিনেত্রী ভায়োলা ডেভিস, জেন ফন্ডা, কেন্ডাল জেনার, সিমোন অ্যাশলি, কারা ডেলেভিন, ইভা লঙ্গোরিয়া, অ্যান্ডি ম্যাকডাওয়েল, আজা নাওমি কিং, বিখ্যাত মডেল লুমা গ্রোথে ও প্যারালিম্পিক বিজয়ী ম্যারি বোশেসহ বিশ্বসেরা তারকাদের।

মন্তব্য করুন