আসছে আরিয়ান খানের ‘ব্যাড্স অফ বলিউড ২’
অনলাইন ডেস্ক: নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার পর ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল শাহরুখ খানের ছেলে আরিয়ান খান পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যাড্স অফ বলিউড’। প্রথম সিজনের দুর্দান্ত সাফল্যের পর এবার দর্শকরা অপেক্ষা করছেন এর দ্বিতীয় সিজনের জন্য।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ২০২৭ সালের মার্চ মাসে শুরু হতে পারে ‘দ্য ব্যাড্স অফ বলিউড’-এর দ্বিতীয় সিজনের শুটিং। তবে নির্মাতাদের পক্ষ থেকে অথবা প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো ঘোষণা দেওয়া হয়নি।
সিরিজটির প্রথম সিজনের মতো দ্বিতীয় সিজনেও অধিকাংশ গুরুত্বপূর্ণ চরিত্রে পুরোনো অভিনয়শিল্পীদের ফেরানো হতে পারে বলে জোর গুঞ্জন রয়েছে। আসমান সিং চরিত্রে লক্ষ্য এবং কারিশ্মা তালওয়ারের ভূমিকায় সাহার বাম্বাকে আবারও দেখতে পাওয়ার সম্ভাবনা প্রবল। এ ছাড়া ববি দেওল, রাঘব জুয়েল, অনন্যা সিং, মোনা সিং, মনোজ পাহওয়া ও রজত বেদী সহ আগের সিজনের বেশ কয়েকজন জনপ্রিয় অভিনয়শিল্পীকেও নতুন সিজনে রাখা হতে পারে।
স্মরণীয় যে, রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ব্যানারে গৌরী খান প্রযোজিত এই সিরিজের মাধ্যমে চিত্রনাট্যকার ও পরিচালক হিসেবে আত্মপ্রকাশ ঘটে আরিয়ান খানের। বিলাল সিদ্দীকী ও মানব চৌহানের সঙ্গে যৌথভাবে এর স্ক্রিপ্ট সাজিয়েছিলেন তিনি। রহস্য ও টুইস্টে ভরা প্রথম সিজনের শেষ দৃশ্যের কারণে নতুন মৌসুমের গল্প কোন দিকে মোড় নেবে, তা নিয়ে ইতোমধ্যেই উদগ্রীব অনুরাগী ও দর্শকরা।