জনদুর্ভোগ বিবেচনায় সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে: শেখ রবিউল আলম

প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ণ
জনদুর্ভোগ বিবেচনায় সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে: শেখ রবিউল আলম

অনলাইন ডেস্ক: বিশ্ববাজার ও অভ্যন্তরীণ পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের পর লঞ্চের ভাড়া বাড়াতে হলেও সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করেই সর্বনিম্ন হার নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে নৌযান মালিকদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নৌপথের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত জানিয়ে মন্ত্রী বলেন, পরিচালন ব্যয় বৃদ্ধি পাওয়ায় মালিক সমিতি ১৫ শতাংশ ভাড়া বৃদ্ধির প্রস্তাব দিয়েছিল। তবে জনস্বার্থ বিবেচনা করে ভাড়া বৃদ্ধির হার ৭ দশমিক ৫৪ শতাংশে নামিয়ে আনা হয়েছে। একই সঙ্গে আগের সর্বনিম্ন ৩২ টাকার ভাড়া বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে ট্রেনের ভাড়া বাড়ানোর গুঞ্জন নাকচ করে দিয়ে সেবামন্ত্রী জানান, রেলওয়েতে লোকসান কমানোর জন্য সংস্থাটির পক্ষ থেকে ভাড়া বাড়ানোর বেশ চাপ থাকলেও সরকার আপাতত সে পথ থেকে দূরে থাকছে। তিনি বলেন, "আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে ট্রেনের ভাড়া বাড়াতে না হয়। আগের ভাড়াতেই যাতে রেল পরিচালিত হতে পারে, সেই পদক্ষেপ নেওয়া হচ্ছে।"

মন্ত্রী আরও স্পষ্ট করেন, যেহেতু সিএনজির দাম নতুন করে বাড়েনি, তাই সিএনজিচালিত যানবাহনে কোনো প্রকার বাড়তি ভাড়া আদায় করার সুযোগ নেই। তেলের দাম বৃদ্ধির অজুহাতে ভাড়া নিয়ে কেউ অতিরিক্ত অর্থ আদায় করলে বা নৈরাজ্য সৃষ্টি করলে সরকারের পক্ষ থেকে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন