পর্দায় ইমরান-জেনেলিয়ার নতুন রসায়ন, এলো ‘আফসানা বানায়া আপনে’

প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ণ
পর্দায় ইমরান-জেনেলিয়ার নতুন রসায়ন, এলো ‘আফসানা বানায়া আপনে’

অনলাইন ডেস্ক: বলিউডের জনপ্রিয় রোমান্টিক নায়ক ইমরান হাশমি এবার অভিনেত্রী জেনেলিয়া ডি’সুজার সঙ্গে জুটি বেঁধেছেন। তাঁদের আসন্ন অ্যাকশন-এন্টারটেইনার সিনেমা ‘গানমাস্টার জি৯’-এর হাত ধরে এই প্রথমবার রূপালী পর্দায় রোমান্স জমাবেন দুই তারকা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ছবিটির প্রথম একক গান ‘আফসানা বানায়া আপনে’ মুক্তি পায়। যেখানে পাহাড়ি শহর মুসৌরির মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে ইমরান ও জেনেলিয়ার চমৎকার রসায়ন দর্শকদের মন জয় করেছে।

গানের দৃশ্যপটে জেনেলিয়াকে দেখা যায় এক লাজুক ক্যাফে মালিকের চরিত্রে, যেখানে ইমরানের ক্যারিশমাটিক উপস্থিতি এবং অনুভূতির ছোঁয়ায় তৈরি হয় এক ভালোবাসার মিষ্টি আবহ।

হিমেশ রেশামিয়ার সুর ও গায়কির সাথে ইমরান হাশমির জুটির সাফল্য সর্বজনবিদিত। বিখ্যাত ‘আশিক বানায়া আপনে’ গানের স্মৃতি মনে করিয়ে দিলেও নতুন এই ‘আফসানা বানায়া আপনে’ গানটি হিমেশ ও আসিস কৌরের যুগল কণ্ঠে এক নতুন আবেগ সৃষ্টি করেছে। পরিচালনা করেছেন আদিত্য দত্ত।

নতুন এই অভিজ্ঞতা নিয়ে ইমরান হাশমি বলেন, “হিমেশ, নির্দেশক আদিত্য ও আমার কাজের সঙ্গে যেমন অনেক স্মৃতি আছে, তেমনই এই ‘আফসানা বানায়া আপনে’ গানটির নিজস্ব একটি আবেগীয় আমেজ রয়েছে।”

দীপক মুকুট, হুনার মুকুট ও সঙ্গীতা আহির প্রযোজিত এই চলচ্চিত্রে ইমরান-জেনেলিয়া ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অপারশক্তি খুরানা ও অভিষেক সিং। সিনেমাটি আগামী ২৭ নভেম্বর প্রেক্ষাগৃহে বিশ্বজুড়ে মুক্তি পেতে যাচ্ছে।

মন্তব্য করুন