হুমকি-ধমকি দিয়ে সরকার ফেলে দেওয়া যায় না: আহমেদ আযম খান

প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ণ
হুমকি-ধমকি দিয়ে সরকার ফেলে দেওয়া যায় না: আহমেদ আযম খান
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান (ফাইল ছবি)।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বিরোধীদল বর্তমান সরকারকে ক্ষমতা থেকে হটাতে নানা ধরনের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি অভিযোগ করেছেন যে, তারা মূলত বিগত স্বৈরাচারী সরকারের পথেই হাঁটছে।

আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত জাতীয়তাবাদী তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “বিরোধীদল এই সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তারা জানে না হুমকি-ধমকি দিয়ে নির্বাচিত বা গণআন্দোলনে প্রতিষ্ঠিত সরকার ফেলে দেওয়া যায় না।”

দেশ পুনর্গঠনে বিরোধী দলেরও গঠনমূলক ভূমিকা থাকা উচিত উল্লেখ করে আহমেদ আযম খান বলেন, দেশকে অস্থিতিশীল না করে গণতান্ত্রিক ধারায় থেকে দেশ গঠনে অবদান রাখার জন্য তিনি বিরোধী দলের প্রতি আহ্বান জানান।

ভবিষ্যৎ নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী স্পষ্ট করে বলেন, আগামী পাঁচ বছর পর সংবিধান ও নির্ধারিত নিয়ম অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে দেশের জনগণ যাকে ভোট দেবে, তারাই রাষ্ট্রক্ষমতায় এসে সরকার গঠন করবে। তাই অনর্থক আন্দোলন বা ষড়যন্ত্র করে দেশের স্থিতিশীলতা বিনষ্ট না করার পরামর্শ দেন তিনি।

মন্তব্য করুন