তাঁতীদের অধিকার আদায়ে বেলকুচিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ণ
তাঁতীদের অধিকার আদায়ে বেলকুচিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আব্দুর রাজ্জাক বাবু, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচি, চৌহালী ও এনায়েতপুর এলাকার তাঁতীদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বিদ্যুৎ, গ্যাস, সুতা ও বিভিন্ন উপকরণের অস্বাভাবিক মূল্যের কারণে তাঁতশিল্পে নেমে আসা সংকটের কথা তুলে ধরেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় বেলকুচির তামাই হুজুর মার্কেটের সাত রঙ শপিং কমপ্লেক্সে তামাই হ্যান্ডলুম অ্যান্ড পাওয়ারলুম ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি আলহাজ সোলায়মান হোসেন মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম।

সভায় স্থানীয় তাঁতী ও ব্যবসায়ী নেতারা জানান, সুতার অস্বাভাবিক দাম বৃদ্ধি, বিদ্যুৎ-গ্যাসের বাড়তি ব্যয় এবং রঙ ও যন্ত্রাংশের মূল্যবৃদ্ধির কারণে উৎপাদিত পোশাক তৈরিতে ব্যয় বহুগুণ বেড়েছে। তবে সে তুলনায় পণ্যের উপযুক্ত দাম না পাওয়ায় তাঁত মালিক ও শ্রমিকরা চরম আর্থিক লোকসানের মুখে পড়ছেন। ঐতিহ্যবাহী এই শিল্পকে টিকিয়ে রাখতে তাঁরা দ্রুত সরকারি সহায়তার দাবি জানান।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম তাঁতীদের সংকট নিরসনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি সকল দাবি ও সমস্যা লিখিত আকারে জমা দেওয়ার পরামর্শ দিয়ে বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন