রায়পুরে সোহাগ হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
মেহেদী মাছুম, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: ‘আমার ছেলেকে যারা হত্যা করেছে, তাদের বিচার চাই। নবজাতক নাতির মুখের দিকে তাকিয়ে হলেও তাদের সাজা দিন।’ কান্নাজড়িত কণ্ঠে ছেলের নির্মম হত্যার বিচার চেয়েছেন লক্ষ্মীপুরের রায়পুরের ব্যাটারিচালিত অটোরিকশাচালক সোহাগ মিঝির (২৮) মা শাহিনুর বেগম।
সোহাগ হত্যার প্রায় সাত-আট মাস পার হলেও বিচার না পাওয়ার অভিযোগে রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন করেন নিহতের পরিবার। নিহত সোহাগ ৪ নম্বর সোনাপুর ইউনিয়নের তাজুল ইসলাম মিঝির ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হন সোহাগ। দুই দিন পর ১৪ ফেব্রুয়ারি পাটোয়ারী রাস্তার মোড়ে বালুর নিচে চাপা দেওয়া অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মুরাদ, আরাফাত, শাহিন ও রাব্বিসহ সাতজনকে গ্রেফতার করা হলেও পরে তাঁরা জামিনে বের হয়ে পরিবারটিকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ ওঠে।
নিহতের স্বজনেরা জানান, প্রবাসী সোহাগ দেশে ফিরে অটোরিকশা চালিয়ে সংসার চালাতেন। তাঁর মৃত্যুর পর এক সন্তান জন্ম নেয়। ঘটনার সুষ্ঠু তদন্ত ও মূল আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। লক্ষ্মীপুরের পুলিশ সুপার মোহাম্মদ আবু তারেক জানান, ভুক্তভোগী পরিবারকে হুমকির বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা ও সুরক্ষা নিশ্চিত করা হবে।
এআইএল/সকালবেলা