কমলগঞ্জে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত
মুজিবুর রহমান, কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে লাউয়াছড়া জাতীয় উদ্যানের সামনে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল নাঈম। ‘ট্যুরিজম কমলগঞ্জ’-এর উদ্যোগে ও বিশ্ব পর্যটন দিবস উদযাপন কমিটির আয়োজনে শোভাযাত্রাটি জাতীয় উদ্যানের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে ‘ট্যুরিজম কমলগঞ্জ’-এর আহ্বায়ক শাব্বির এলাহীর সভাপতিত্বে এবং সদস্যসচিব নির্মল এস পলাশের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. দুরুদ আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবুল হোসেন, লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক ও ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ প্রজিত কুমার দাস।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ মণিপুরী নৃত্য পরিবেশন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় ট্যুরিস্ট পুলিশ, গণমাধ্যমকর্মী, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি ও পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা