মদনে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

প্রকাশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ণ
মদনে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

মোঃ সাকের খান, মদন (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার মদনে মোটরসাইকেল চুরির সংবাদ প্রকাশের জেরে ‘আমার দেশ’ পত্রিকার উপজেলা প্রতিনিধি নিজাম উদ্দিনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জীবন ও নিরাপত্তার শঙ্কা প্রকাশ করে তিনি মদন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় মদন পৌর সদরের নতুন বাজারে এ হামলার ঘটনা ঘটে। অভিযুক্ত শামসুল হক চ্যাম্পিয়ন উপজেলার চানগাঁও এলাকার মৃত আব্দুস সোবানের ছেলে এবং বহিষ্কৃত যুবদল নেতা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি একটি মোটরসাইকেল চুরির ঘটনায় পুলিশ তা উদ্ধার করে এবং এ বিষয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদে অভিযুক্ত ব্যক্তির বহিষ্কৃত হওয়ার বিষয়টি উল্লেখ থাকায় তিনি ক্ষিপ্ত হন। শনিবার সন্ধ্যায় শামসুল হক সাংবাদিক নিজাম উদ্দিনকে নতুন বাজারে দেখা করতে বলেন। সেখানে পৌঁছানোর পর বিভিন্ন বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তাঁর ওপর চড়াও হন তিনি। এ সময় তাঁকে কিল-ঘুষি ও লাথি মেরে মারধর করা হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন।

অভিযুক্ত শামসুল হক চ্যাম্পিয়ন তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে জানান, তিনি এ বিষয়ে কিছুই জানেন না এবং কোনো সাংবাদিকের সাথে তাঁর কোনো ঝামেলা হয়নি।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দীন করিম জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি নথিভুক্ত করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন