ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মির্জা ফয়সলের মনোনয়ন দাখিল
রাসেল রানা মেহেদী, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিন মনোনয়নপত্র দাখিল করেছেন।
রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছে তিনি এ মনোনয়নপত্র জমা দেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিল শেষে মির্জা ফয়সল আমিন জানান, জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা ও আশা-আকাঙ্ক্ষা পূরণে তিনি কাজ করতে চান। নির্বাচনে দলের সব স্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।
উপনির্বাচনকে কেন্দ্র করে জেলা জুড়ে জোর রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে। প্রার্থীদের মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে সমর্থক ও নেতাকর্মীদের মাঝে বেশ উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। এর আগে ২০ সেপ্টেম্বর মির্জা ফয়সল আমিনের পক্ষে জেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. নূর-এ-শাহাদাত স্বজন মনোনয়নপত্র সংগ্রহ করেন।
একই আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে দেলাওয়ার হোসেনও তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এআইএল/সকালবেলা