ব্রাহ্মণবাড়িয়ায় ডোবা থেকে মাদ্রাসা সুপারের লাশ উদ্ধার

প্রকাশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় ডোবা থেকে মাদ্রাসা সুপারের লাশ উদ্ধার

সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় নিখোঁজের দুই দিন পর একটি ডোবা থেকে ফরিদুল রহমান (৩৬) নামে এক মাদ্রাসা সুপারের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গুনিয়াউক ইউনিয়নের দক্ষিণ বেলমুড়া এলাকার একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ফরিদুল রহমান হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার রায়পুর গ্রামের ছাবির হোসেনের ছেলে। তিনি হবিগঞ্জের মাধবপুর উপজেলার মোহাম্মদপুর বাগে মদিনা ইবতেদায়ি মাদ্রাসার সুপারিনটেনডেন্ট পদে কর্মরত ছিলেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার মাদ্রাসা থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন ফরিদুল। নিখোঁজের পর স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। শনিবার বিকেলে স্থানীয়রা ডোবায় লাশ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে পৌঁছে তাঁর লাশ শনাক্ত করেন।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ অর্ধগলিত লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশটি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহেল রানা জানান, নিখোঁজের বিষয়ে আগে পরিবারের পক্ষ থেকে থানায় কোনো জিডি বা অভিযোগ করা হয়নি।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন