ব্যাংককে রেকর্ড ভারী বর্ষণ ও বন্যা

প্রকাশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ণ
ব্যাংককে রেকর্ড ভারী বর্ষণ ও বন্যা

অনলাইন ডেস্ক: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে টানা ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় দেখা দিয়েছে তীব্র মানবিক সংকট। বাসাবাড়ি, বাজার ও প্রধান প্রধান সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় মারাত্মক ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। পরিস্থিতি মোকাবিলায় রাজধানীতে আনুষ্ঠানিকভাবে দুর্যোগ ঘোষণা করা হয়েছে।

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার থেকে রবিবারের মধ্যে শহরের কিছু এলাকায় রেকর্ড ৩৩০ মিলিমিটারের (১৩ ইঞ্চি) বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ব্যাংকক মেট্রোপলিটন প্রশাসন জানিয়েছে, টানা বর্ষণে প্রায় ৫২ হাজার পরিবার বন্যাকবলিত হয়েছে এবং অন্তত ৪,৯০০ বাসিন্দাকে জরুরি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। বন্যা পরিস্থিতির কারণে সোমবার রাজধানীর শত শত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বন্যার কারণে নিত্যপ্রয়োজনীয় বাজারগুলোতে কেনাকাটার হিড়িক দেখা দিলে পণ্যের ঘাটতি ও মূল্যবৃদ্ধির আশঙ্কা তৈরি হয়। এই অবস্থায় থাই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জনগণকে আতঙ্কে অতিরিক্ত কেনাকাটা (প্যানিক-বাইং) না করার আহ্বান জানানো হয়েছে এবং অসাধু ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

ব্যাংককের গভর্নর চাডচার্ট সিত্তিপুন্ট জানান, খালগুলোতে পানির স্তর উঁচুতে থাকলেও দ্রুত পানি নিষ্কাশনে শক্তিশালী পাম্প ব্যবহার করা হচ্ছে। এছাড়া থাইল্যান্ডজুড়ে ২৫টি প্রদেশে বন্যা ছড়িয়ে পড়ায় উদ্ধার ও ত্রাণ তৎপরতায় সহায়তার জন্য সারাদেশে ১০ হাজারের বেশি সেনা সদস্য মোতায়েন করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মন্তব্য করুন