২ কোটি টাকা ঘুষ দাবি করা সেই প্রকৌশলী বরখাস্ত

প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ণ
২ কোটি টাকা ঘুষ দাবি করা সেই প্রকৌশলী বরখাস্ত

বিশেষ প্রতিবেদক: লক্ষ্মীপুরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সম্প্রতি ঘুষ লেনদেনসংক্রান্ত কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিপিডিবি কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত গ্রহণ করে।

সামাজিক মাধ্যমে প্রকাশ পাওয়া ৮ মিনিট ৫০ সেকেন্ডের ওই ভিডিওতে নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনকে এক ব্যক্তির সাথে বিভিন্ন কাজের বিল, প্রকল্পের মালামাল ও অর্থ লেনদেন নিয়ে আলোচনা করতে দেখা যায়। সেখানে একটি সুনির্দিষ্ট সরকারি বিল অনুমোদনের বিপরীতে দুই কোটি টাকা ঘুষ দাবি করেন তিনি।

ভিডিও চিত্রে তাঁকে বলতে শোনা যায়, “এসি স্যার রাজি হয়ে গেছেন। আমি দুই কোটি টাকার সিদ্ধান্ত থেকে নড়ব না। প্রয়োজনে চেয়ারম্যান সাহেবের কাছে যাব।” একই সঙ্গে প্রকল্পের ব্যয় বৃদ্ধি ও মালামাল অনিয়মের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “আমাকে দুই কোটি টাকা দেওয়া হলে আমি সব নথিপত্রে স্বাক্ষর করে দেব।”

অডিও-ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড তাঁকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করে।

এ বিষয়ে বিপিডিবির চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম জানান, বিষয়টি নজরে আসার পরই অভিযুক্ত কর্মকর্তাকে বরখাস্তের আদেশ জারি করা হয়েছে। একই সাথে ঘটনাটি খতিয়ে দেখতে এবং বিভাগীয় আইনি ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন