সবার সঙ্গে আলোচনা করে সংবিধান সংশোধন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ণ
সবার সঙ্গে আলোচনা করে সংবিধান সংশোধন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ প্রতিবেদক: বিরোধী দলসহ সর্বস্তরের প্রতিনিধিদের সাথে আলোচনার মাধ্যমেই সংবিধানে প্রয়োজনীয় পরিবর্তন আনতে চায় সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির চতুর্থ বৈঠক শেষে কমিটির প্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের এ কথা জানান।

মঙ্গলবার সংসদ ভবনে আয়োজিত বৈঠক শেষে তিনি বলেন, সংবিধান সংশোধনের বিষয়ে আলোচনার পথ খোলা রাখা হয়েছে। সংশ্লিষ্ট কমিটিতে যুক্ত হয়ে মতামত প্রদান ও প্রস্তাব পেশের জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানানো হচ্ছে। সকলের অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতেই একটি সর্বজনগ্রাহ্য সংশোধনী আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন সামাজিক সংগঠন, বিশিষ্ট ব্যক্তি, বিগত ১৭ বছরে গুম-খুনের শিকার ব্যক্তিবর্গের স্বজন ও শহীদ পরিবারের প্রতিনিধিদের কাছ থেকে মতামত নেওয়া হবে। পর্যায়ক্রমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে সমন্বিত একটি প্রতিবেদন তৈরি করা হবে, যা পরবর্তীতে জাতীয় সংসদে বিল আকারে পেশ করা হবে।

বৈঠকে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার যৌক্তিকতা নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, এককেন্দ্রিক রাষ্ট্রব্যবস্থায় দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রয়োজনীয়তা নিয়ে মত প্রকাশ করা হলেও ‘জুলাই জাতীয় সনদ’ অনুযায়ী দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠনের সিদ্ধান্তেই সরকার বহাল থাকতে চায়।

এ ছাড়া প্রশাসনিক গতিশীলতায় বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ, পূর্ণাঙ্গ স্বাধীনতা এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনর্প্রবর্তন নিয়ে বৈঠকে বিস্তারিত পর্যালোচনা হয়। নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার গঠন পদ্ধতির বিষয়ে বিভিন্ন পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব চাওয়া হয়েছে, যা সংসদীয় আলোচনায় চূড়ান্ত সিদ্ধান্ত পাবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন