প্রধানমন্ত্রী প্রতিহিংসার রাজনীতি করতে চান না: প্রেস সচিব
বিশেষ প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিহিংসার রাজনীতি থেকে মুক্ত হয়ে একটি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়তে চান বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী। দীর্ঘদিনের ভয় ও অন্ধকারের শাসন থেকে বাংলাদেশ আলোর পথে যাত্রা শুরু করেছে উল্লেখ করে তিনি সরকারের পরমতসহিষ্ণুতা ও মানবিকতাকে কেউ যেন দুর্বলতা মনে না করেন—এ বিষয়ে সবাইকে সতর্ক করেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরের সফলতা তুলে ধরে সালেহ শিবলী জানান, প্রধানমন্ত্রী ছয় দিনের সফরের কার্যকর চার দিনে জাতিসংঘ অধিবেশনের পাশাপাশি অন্তত ৩০টি দ্বিপক্ষীয় ও সাইডলাইন ইভেন্টে অংশ নেন। সফরসঙ্গী কমিয়ে মাত্র ৩৫ জনে নামিয়ে এনে এবং কোনো চার্টার্ড বিমান ব্যবহার না করে জনগণের রাজস্বের টাকা সাশ্রয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। বৈঠকে রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক জ্বালানি সংকট ও শান্তিরক্ষা মিশনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশের সুস্পষ্ট অবস্থান তুলে ধরা হয়েছে।
সংবাদ সম্মেলনে প্রেস সচিব আরও জানান, জাতিসংঘে প্রধানমন্ত্রী তার বক্তব্যে মরণাস্ত্রের বদলে যুক্তিতর্ক, শিক্ষা ও মানবতাকে মূল হাতিয়ার করার ওপর জোর দিয়েছেন। পাশাপাশি নাগরিকদের অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়নে সরকারের গৃহীত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ই-হেলথ কার্ডের মতো জনকল্যাণমুখী পদক্ষেপসমূহ আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরা হয়েছে।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘ বছরের ভয় ও আতঙ্কের সংস্কৃতি পেরিয়ে এক নতুন পরিমণ্ডলে প্রবেশ করেছে দেশ। সুশাসন প্রতিষ্ঠায় সরকার দৃঢ়প্রতিজ্ঞ এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে সর্বস্তরের জনগণকে ধৈর্য ও সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে।
এআইএল/সকালবেলা