সলঙ্গায় সাংবাদিকের বাড়িতে হামলা-লুটপাট, থানায় অভিযোগ
জুয়েল রানা, চলনবিল প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় মাদকের ভিডিওচিত্র ধারণ করার জেরে এক সাংবাদিকের বসতবাড়িতে হামলা, ভাঙচুর, মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী ও মাদকচক্রের বিরুদ্ধে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৩টার দিকে সলঙ্গা থানার চড়িয়া শিকার উত্তর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলাকারীদের বেধড়ক মারধরে সংবাদকর্মীসহ তাঁর স্ত্রী ও মা গুরুতর আহত হয়েছেন।
এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মোঃ মোর্শেদুল ইসলাম বাদী হয়ে সলঙ্গা থানায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪০-৪৫ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। মোর্শেদুল ইসলাম পেশায় একজন গণমাধ্যমকর্মী এবং হাটিকুমরুল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর রাতে সলঙ্গার রাজশাহী রোড পিকআপ স্ট্যান্ডে মাদক সেবনের খবর পেয়ে মোর্শেদুল ইসলাম মোবাইল ফোনে তার ভিডিওচিত্র ধারণ করেন। এর জের ধরে পূর্বপরিকল্পিতভাবে মঙ্গলবার বিকেলে নিষিদ্ধ ঘোষিত শ্রমিক লীগ নেতা মোঃ বেলাল বিশ্বাস ও পিকআপ পরিবহন মালিক মোঃ লাল চাঁদের নেতৃত্বে ৪০-৪৫ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্র (লোহার রড, বাঁশের লাঠি, হাঁসুয়া) নিয়ে সাংবাদিকের বাড়িতে হামলা চালায়।
হামলাকারীরা ঘরবাড়ি ভাঙচুর শুরু করলে ভুক্তভোগী পরিবার প্রতিবাদ জানায়। এ সময় বেলাল বিশ্বাসের হুকুমে হামলাকারীরা সাংবাদিক মোর্শেদুলকে চারপাশ থেকে ঘিরে ধরে বেধড়ক মারধর করে জখম করে। তাঁকে বাঁচাতে এগিয়ে এলে তাঁর স্ত্রী নাসরিন খাতুন ও মা জহুরা খাতুনকেও মারধর ও লাঞ্ছিত করা হয়। এ সময় বিবাদীরা তাঁর স্ত্রীর গলা থেকে ৮ আনা ওজনের সোনার চেইন ছিনিয়ে নেয় এবং ঘরের ভেতরের ড্রয়ার ভেঙে নগদ ৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে হামলাকারীরা সাংবাদিক ও তাঁর পরিবারকে মেরে লাশ গুম করার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনার পর থেকে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
বিষয়টি নিশ্চিত করে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী জানান, লিখিত অভিযোগ পেলে ঘটনার তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এআইএল/সকালবেলা