রাবি স্টেশনে ট্রেনে পাথর নিক্ষেপের অভিযোগে আটক ৩

প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ণ
রাবি স্টেশনে ট্রেনে পাথর নিক্ষেপের অভিযোগে আটক ৩

বিশেষ প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্টেশনে অবস্থানরত শিক্ষার্থীদের লক্ষ্য করে চলন্ত ট্রেন থেকে পাথর ছোঁড়ার ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। তাদের মধ্যে দুজনকে রাজশাহী স্টেশন এলাকা থেকে এবং অন্যজনকে ঈশ্বরদী থেকে গ্রেপ্তার করা হয়।

সোমবার দিবাগত রাতে খবরটি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান।

তিনি জানান, বেশ কিছুদিন ধরেই রাবি স্টেশনে থাকা শিক্ষার্থীদের লক্ষ্য করে চলন্ত ট্রেন থেকে পাথর ছোঁড়ার ঘটনা ঘটছে। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অত্যন্ত চিন্তিত। এ বিষয়ে সঠিক তদন্তের জন্য রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হয়েছে। এর ধারাবাহিকতায় সন্দেহভাজন দুজনকে ধরা সম্ভব হয় এবং পরবর্তীতে ঈশ্বরদী থেকে আরও একজনকে আটক করা হয়। এ নিয়ে মোট তিনজনকে নিজেদের হেফাজতে নিয়েছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী।

তিনি আরও বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও রিমান্ডে নিয়ে এই অপকর্মের পেছনে কোনো অসাধু চক্র বা ইন্ধনদাতা জড়িত রয়েছে কি না, তা গভীরভাবে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে রেলওয়ে প্রশাসন।

উল্লেখ্য, কয়েক দিন ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে থাকা শিক্ষার্থীদের লক্ষ্য করে চলন্ত ট্রেন থেকে ইট-পাথর মারার একাধিক অভিযোগ ওঠে। এতে কয়েকজন শিক্ষার্থী আঘাত পান এবং স্টেশনের আশপাশের কয়েকটি দোকানের ক্ষতিসাধন হয়।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন